বিজয় দিবস আর বনভোজনের কারণে মুরগির দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে মুরগির দাম আবার বেড়েছে। গত সপ্তাহের তুলনায় দাম কমেছে নতুন আলু ও রসুনের। অন্য সবজির সরবরাহ বাড়লেও দাম অপরিবর্তিত রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী ও রিয়াজউদ্দিন ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম আবারও বেড়েছে। ব্যবসায়ীরা বলেছেন, বিজয় দিবস ও বনভোজনের কারণে মুরগির চাহিদা বেড়েছে। এ কারণে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে। তবে লেয়ার এবং দেশি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। চট্টগ্রাম শহরতলির পাহাড়তলী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল ১৪৫ টাকা এবং রিয়াজউদ্দিন বাজারে ১৪৫ থেকে ১৫০ টাকা কেজি দরে। চার দিন আগেও এই মুরগির দর ছিল ১১৫ থেকে ১২০ টাকা। এ ছাড়া দুই বাজারেই লেয়ার ২৬০-২৮০ এবং দেশি মুরগি ৩০০ টাকা কেজিতে বিক্রি হয়। রিয়াজউদ্দিন বাজার ও পাহাড়তলী বাজারের বেশির ভাগ দোকানেই রসুন বিক্রি হয়েছে ৭০ টাকা কেজি দরে। চৌমুহনী কর্ণফুলী বাজার ও কাজীর দেউড়ি বাজারে দোকানভেদে দাম হাঁকা হয়েছে ৭৫ থেকে ৮৫ টাকা পর্যন্ত। পাইকারি বাজারে রসুন বিক্রি হয়েছে ৬৮-৭০ টাকা কেজি। এসব বাজারে ভারত থেকে আমদানি করা নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৬-৪০ টাকা কেজি দরে। এ ক্ষেত্রে দামের তেমন কোনো হেরফের চোখে পড়েনি। পেঁয়াজের দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন পাহাড়তলী বাজারের দোকানি আবদুল হক। পাহাড়তলী কাঁচাবাজারে নতুন আলুর কেজি ছিল ২০-২৪ টাকা এবং পুরোনো আলু বিক্রি হয় ১৮ টাকা কেজি দরে। অন্যান্য সবজির মধ্যে বাজারভেদে হালিশহর এলাকায় উৎপাদিত টমেটো (দেশি টমেটো) বিক্রি হয়েছে ৭০-৮০ টাকায়। যশোরের টমেটো বিক্রি হয় ৪০-৫০ টাকা কেজিতে। ফুলকপি ৩৫-৫০, বাঁধাকপি ২০-২৫ টাকা, মুলা ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এ ছাড়া বেগুনের কেজি ২৮-৩০ টাকা, লাউ ২০-২৫ টাকা কেজি। কাঁচা মরিচের কেজি ৪০-৪৫ ও ধনেপাতা ৩০-৫০ টাকা কেজি দাম চাওয়া হয়। গাজর বিক্রি হয়েছে ২৫-৩০ টাকা কেজি দরে।