বিজয় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে গতকাল সোমবার বিজয় দিবস উপলক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. হেলালুদ্দীন আহমদ।
উদ্বোধনী খেলায় সদর উপজেলা ক্রিকেট দল টঙ্গিবাড়ী উপজেলাকে ২০ রানে পরাজিত করে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সদর উপজেলার মীরকাদিম পৌরসভার রিকাবীবাজার গ্রীন ওয়েলফেয়ার সেন্টার মাঠে এ খেলা হয়। প্রথমে ব্যাট করতে নেমে সদর উপজেলা ১৩৪ রান করে। জবাবে টঙ্গিবাড়ী উপজেলা ১১৪ রান করে অলআউট হয়ে যায়। চার উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সদর উপজেলার স্পিনার মো. সানি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে আলোচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। অন্যান্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনিছুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হারুন অর রশিদ, সিভিল সার্জন মো. শহিদুল ইসলাম, মীরকাদিম পৌর মেয়র শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে জেলার ছয়টি উপজেলার ছয়টি দল অংশ নেয়। ১২ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।