বিজয় দিবস উপলক্ষে লন্ডনে অন্য রকম সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশের মহান বিজয় দিবসের প্রাক্কালে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এক মিলনমেলা। বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির ছিলেন এই আয়োজনের উদ্যোক্তা। এর বৈশিষ্ট্য ছিল বিভিন্ন ক্ষেত্রের বেশ কিছুসংখ্যক বিশিষ্ট বিদেশি ব্যক্তিত্বের উপস্থিতি।
দক্ষিণ লন্ডনের কিপলিংস রেস্তোরাঁয় বিজয় দিবস উদ্যাপনের এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিদেশি অতিথিদের কেউ ছিলেন যুক্তরাজ্যের গণমাধ্যমকর্মী, কেউ ভিনদেশি দূতাবাসের কর্মকর্তা, আবার কেউবা দেশে দেশে সরকারের পরামর্শক হিসেবে কাজ করা বড় প্রতিষ্ঠানের প্রতিনিধি। অতিথিরা এসেই আড্ডায় মশগুল হন। আয়োজক নাদিম কাদির মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের হাইকমিশনার এম এ হান্নান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ বদরুল আহসান। অতিথিদের মধ্য থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিটা পেইন, লন্ডন প্রেসক্লাবের সহসভাপতি ডেনিস ডোবেল, ডিপ্লোমেটিক প্রেস অ্যাটাশে অ্যাসোসিয়েশন অব লন্ডনের প্রেসিডেন্ট মারিয়া মনটেরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড হাইকমিশনের জেনিফার মাতুজেক, ইউএনডিপির কর্মী ও ফ্রিল্যান্স সাংবাদিক মার্টিন ল্যাম্ব প্রমুখ।
অনুষ্ঠানে লোকনৃত্য পরিবেশন করেন সাবরিনা সুলতানা। হাসান আবিদুর রেজা জুয়েল গেয়ে শোনান, ‘আমি বাংলার গান গাই’। সবশেষে র্যাফল ড্রর মাধ্যমে ১০ জন অতিথির হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ নিয়ে রচিত বই এবং ‘বাংলাদেশ’ লেখা উপহারসামগ্রী।