বিজয় দিবসে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল রোববার ৪১তম বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে দিবসের সূচনা করেন উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। পরে ছাত্রলীগ ১০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়। গতকাল বিজয় দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও গান-কবিতা প্রতিযোগিতা, শহীদদের স্মরণে দেয়ালিকা প্রদর্শন, শিক্ষক-ছাত্র এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন। এ ছাড়া, চুয়েট সাংবাদিক সমিতিও গতকাল ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। বিজয় দিবস উপলক্ষে চুয়েট ছাত্রলীগ কেন্দ্রীয় শহীদ মিনারে একটি আলোচনা সভার আয়োজন করে। ছাত্রলীগের নেতা মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ বিদ্যুৎ উন্নয়ন শাখার সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন, চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল আচার্য, ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক আশুতোষ সাহা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানান। তাঁরা মুক্তিযুদ্ধের চেতনায় প্রকৌশলীদের উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে চুয়েট ছাত্রলীগ রাউজানের ১০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়।