আসন্ন বিজয় দিবসে একত্র হয়ে সমস্বরে জাতীয় সংগীত গেয়ে বিশ্বরেকর্ড গড়ার ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। আজ সোমবার বিকেলে শাহবাগ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তারা এ ডাক দেয়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউকে এ কর্মসূচির জন্য নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। লিখিত বক্তব্যে তিনি জানান, নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালন করতে ‘বিজয় ২০১৩ উদযাপন কমিটি’ গঠন করা হয়েছে। ১৬ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিন লাখের বেশি মানুষের জমায়েতের আয়োজন করা হবে। বিজয় মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এদিন বিকেল চারটা ৩১ মিনিটে উপস্থিত জনতার সমস্বরে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন রয়েছে। গণজাগরণ মঞ্চের প্রত্যাশা, এটি ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডে’ স্থান করে নেবে।
ইমরান এইচ সরকার আরও জানান, ১৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত দেশবরেণ্য সংগঠনগুলোর পরিবেশনা থাকবে। এরপর রাত ১০টায় ‘কনসার্ট ফর বাংলাদেশের’ আদলে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ফ্রিডম’। এতে মুক্তিযুদ্ধের প্রতি সহমর্মী আন্তর্জাতিক শিল্পী, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীরা এবং দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো গান গাইবে।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, অনুষ্ঠান আয়োজনে পাঁচ হাজার সমন্বয়ক প্রয়োজন। আগ্রহীরা ১২ ডিসেম্বর বেলা তিনটার মধ্যে আবেদনপত্র পূরণ করে www.gonojagoronmoncho.com ওয়েবসাইট ও শাহবাগে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেন্টারে জমা দিতে পারবেন। এ ছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে মুঠোফোনে Y লিখে ৩৬৩৬ নম্বরে পাঠাতে অনুরোধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এ কে খন্দকার বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চারটা ৩১ মিনিটে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে উদিত হয় আমাদের স্বাধীনতার রক্তিম সূর্য। আমাদের প্রাণের জাতীয় সংগীত গাইবার মাধ্যমে ভারতের বর্তমান রেকর্ডকে ছাড়িয়ে আমরা নতুন বিশ্বরেকর্ড গড়ার প্রত্যাশা করছি।’ তিনি সব শ্রেণী-পেশার নাগরিকদের এ কর্মসূচিতে একত্র হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিজয় উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল বারকাতসহ মঞ্চের সংগঠকেরা উপস্থিত ছিলেন।