বিজয় দিবসে বন্ধুসভার সেবামূলক কার্যক্রম
মহান বিজয় দিবসে প্রথম আলো বন্ধুসভা ও অন্যান্য সংগঠন বিভিন্ন স্থানে বিনা মূল্যে চিকিৎসা প্রদান, অসুস্থ মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা, পথশিশুদের মধ্যে খাবার বিতরণ প্রভৃতি সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে। ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নারী-শিশুসহ মোট ১২২ জন রোগীকে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল রোববার বিনা মূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসকদের সংগঠন বিএমএ এবং ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার সহযোগিতায় শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গণে গতকাল সকালে ওই চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাপ্তাহিক পত্রিকা চায়ের দেশ-এর সম্পাদক গোপাল দেব চৌধুরী। শ্রীমঙ্গল বন্ধুসভার সভাপতি মো. কাওছার ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা আশরাফুল আলম, ফারিয়া শ্রীমঙ্গলের সভাপতি দেবব্রত দত্ত, প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি বিশ্বজ্যোতি চৌধুরী। রোগীদের ব্যবস্থাপত্র দেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাজীব পাল ও সুধীন চন্দ্র দাস, চিকিৎসক উমেঞ্চ সালমা এবং দন্ত চিকিৎসক ও সার্জন মো. লানজুর রহমান।বিশ্বনাথ (সিলেট): সিলেটের বিশ্বনাথ উপজেলায় ক্যানসারে আক্রান্ত মুক্তিযোদ্ধা রজব আলীর চিকিৎসার জন্য বিশ্বনাথ বন্ধুসভা নগদ ২০ হাজার টাকা সাহায্য দিয়েছে। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রজব আলীর ছেলে আলী হায়দারের হাতে গতকাল ওই সাহায্য তুলে দেওয়া হয়। এরপর বন্ধুসভার উদ্যোগে আলোচনা সভা হয়। এতে বিশ্বনাথ বন্ধুসভার সভাপতি প্রবীর কান্তি দে-র সভাপতিত্বে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা সাইদুর রহমান, স্থানীয় শিক্ষক নেছার আহমদ, মণিকাঞ্চন চৌধুরী, আবদুল বারী, আবদুল হান্নান, প্রথম আলোর বিশ্বনাথ প্রতিনিধি প্রণঞ্জয় বৈদ্য, বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।সিলেট: সিলেট নগরের কিনব্রিজ এলাকায় শতাধিক পথশিশুর মধ্যে গতকাল সকালে খাবার বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন শাল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই আয়োজন করা হয়। সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাল্লা উন্নয়ন পরিষদের আহ্বায়ক মলয় কান্তি দাস, আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমান প্রমুখ। চাঁদপুর: বিজয় দিবস উপলক্ষে প্রায় ৩০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। চাঁদপুর মেডিকেল সেন্টারের উদ্যোগে শহরের চেয়ারম্যানঘাট এলাকায় গতকাল সকাল থেকে দিনব্যাপী সেবা দেন ঢাকা ও চাঁদপুরের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক মো. ইব্রাহীম মিয়া, লায়লা ইয়াসমিন, মো. বেলায়েত হোসেন, মুহিউদ্দিন মারুফ ও মো. জাহিদুল হক খান। চিকিৎসাসেবা ছাড়াও রোগীদের কম খরচে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা ছিল।