বিজয় দিবসে বিএসএফের কাছে মিষ্টি পাঠাল বিজিবি
মহান বিজয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে মিষ্টি পাঠিয়েছে। গতকাল মঙ্গলবার দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে ওই মিষ্টি পাঠানো হয়। মিষ্টি পেয়ে বিজিবিকে অভিনন্দন জানিয়েছে বিএসএফ।
গতকাল সকালে ১৮ বিজিবির কোম্পানি কমান্ডারদের মাধ্যমে বিএসএফের উত্তরাঞ্চল ফ্রন্টের আইজি, শিলিগুড়ি ও কিষাণগঞ্জ সেক্টরের ডিআইজি এবং পাঁচটি ব্যাটালিয়নের অধিনায়কদের কাছে মিষ্টি পাঠানো হয়। এ ছাড়া প্রতিটি সীমান্ত ফাঁড়িতেও মিষ্টি পাঠানো হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গতকাল বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিএসএফের কাছে মিষ্টি পাঠানো হয়েছে। সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে মিষ্টি পাঠানো হয়। বিএসএফের কর্মকর্তা মিষ্টি পেয়ে তাঁদের অভিনন্দন জানিয়েছেন।