বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য বিডিসাইক্লিস্টসের
একসঙ্গে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছি আমরা। বানিয়েছি বিরাট মানব পতাকা। এবার নামব সাইকেল নিয়ে। চলন্ত সাইকেলের দীর্ঘতম সারি তৈরির বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে সাইক্লিস্টরা নামবে ঢাকার রাস্তায়।
১৬ ডিসেম্বর বিজয় দিবসে গিনেস বুকে নাম লেখাতে সাইকেল চালাবেন ১ হাজার ২০০ তরুণ। সাইকেলগুলো চলবে এক সারিতে। কেউ কারও পাশে নয়, বরং একজনের পেছনে আরেকজন। কিছু নিয়মকানুনের ভেতরে থেকে, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চালাবে সবাই। দেশে সাইক্লিস্টদের অন্যতম সংগঠন বিডিসাইক্লিস্টস এই আয়োজন করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিডিসাইক্লিস্টস জানিয়েছে, আর সববারের মতো এবারও তারা বিজয় দিবসে বিজয় রাইডের আয়োজন করবে। ওই দিন সকাল আটটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বিজয় রাইড শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হবে। বিজয় রাইডের পরপরই বেলা ১১টা থেকে শুরু হবে গিনেস রেকর্ড গড়ার চেষ্টা। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের সামনে ৩০০ ফুট রাস্তায় সমবেত হবেন সাইক্লিস্টরা। সেখান থেকে এক সারিতে পাঁচ কিলোমিটার চালিয়ে সামনে এগোবেন। তারপর ফিরতি পথ ধরবেন। এভাবে মোট ১০ কিলোমিটার সাইকেল চালাবেন ১ হাজার ২০০ সাইক্লিস্ট।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে এই রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের। ২০১০ সালে যুক্তরাষ্ট্রে ৯১৪ জন সাইক্লিস্ট নিয়ে রেকর্ডটি গড়েছিল। ২০১৫-তে এসে বসনিয়া-হার্জেগোভিনা ৯৮৪ জন সাইক্লিস্ট নিয়ে ‘চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারি’র রেকর্ডটি নিজেদের করে নেয়। এবার সময় বাংলাদেশের, আমাদের সাইক্লিস্টরা মিলে গিনেস বুকে নাম লেখাবে। এর জন্য ইতিমধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে। খোলা হয়েছে একটি ইভেন্ট পেজ, যার ওয়েব ঠিকানা http://go.bdcyclists.com/gwrbdc2016.
আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে বিডিসাইক্লিস্টসের মডারেটর ফুয়াদ আহসান চৌধুরী প্রথম আলোকে বলেন, সাইকেল নিয়ে দেশে অনেক কিছুই হয়েছে। শুধু রেকর্ড জাতীয় কিছু করা হয়নি। এ রকম একটা রেকর্ড সম্মানের। বিজয় দিবসের দিন হলে সেটা হয় আরও গৌরবের।