বিজয় দিবসে রাজধানী ছিল উৎসবমুখর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছায়ানট ও ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয় l ছবি: সাইফুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছায়ানট ও ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয় l ছবি: সাইফুল ইসলাম

বিজয়ের ৪৪ বছর উদ্যাপনে রাজধানীর সংস্কৃতি অঙ্গন ছিল আনন্দমুখর। বুধবার লাল-সবুজের পতাকা বুকে ধারণ করে হাজার হাজার মানুষ ছুটে গিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে। নগরের মঞ্চে মঞ্চে ছিল একাত্তরের প্রেরণাদায়ক গান, দেশের গান, নাচসহ নানা আয়োজন। সেসব নিয়েই এই প্রতিবেদন
হাজারো কণ্ঠে জাতীয় সংগীত: লাল-সবুজ পতাকা ঠিকই, তবে এটি কাপড়ের নয়। সহস্র মানুষের। হাজারো মানুষ মিলে তৈরি করেছেন এই ‘মানবপতাকা’। মাঠজুড়ে ছিল সবুজ আর সবুজ। সবুজ শাড়ি এবং সবুজ পাঞ্জাবি। মাঠের ঠিক মাঝখানে একটি লাল বৃত্ত। সেই বৃত্তে অবস্থানকারী শিল্পীরা পরেছেন রক্তলাল পাঞ্জাবি ও শাড়ি। বৃত্তের ওপর নৃত্য করছেন লাল শাড়ির শিল্পীরা। বৃত্ত ঘিরে গাইছেনও লাল পোশাকের গায়কেরা। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের চিত্র।
বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছায়ানটের উদ্যোগে বিকেলে অনুষ্ঠিত হয়েছে বিজয়ের এই উৎসব। বিকেল ৩টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন।
৪০ মিনিটব্যাপী এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন ছায়ানট, ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগসহ দেশের প্রায় চার হাজার নবীন-প্রবীণ শিল্পী। জাতীয় সংগীতসহ নয়টি গান পরিবেশিত হয়েছে অনুষ্ঠানে। দলীয় গানগুলোর মধ্যে ছিল ‘আমি মারের সাগর পাড়ি দেব’, ‘আমি ভয় করব না ভয় করব না’, ‘নবীন আশা জাগল যে রে আজ’, ‘জয় হোক জয় হোক’, ‘আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে’, ‘বাংলাভূমির প্রেমে আমার প্রাণ হইলো পাগল’ ও ‘লাখো শহীদের রক্তমাখা’। এসব গানের সঙ্গে সঙ্গে ছিল নৃত্য পরিবেশনা। সম্মিলিত নাচে অংশ নেন নৃত্যনন্দন ও ছায়ানটের নৃত্যশিল্পীরা। উৎসবে একক কণ্ঠে একমাত্র গানটি শোনান বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ও ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম। তিনি শোনান ‘বিপ্লবের রক্তে রাঙা ঝান্ডা উড়ে আকাশে’ গানটি। ‘তুমি বাংলা ছাড়’ আবৃত্তি করেন মোহাম্মদ জহিরুল হক খান। মাঝে মাঝে সমবেত ব্যক্তিরা স্লোগান তোলেন ‘জয় বাংলা’।
মুক্তিযুদ্ধ জাদুঘরে যাত্রাপালা ‘আনারকলি’: মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক সপ্তাহব্যাপী বিজয় উৎসবের গতকাল ছিল শেষ দিন। সকাল ১০টায় শুরু হয় সমাপনী আয়োজন। এ উৎসবটি শুরু হয়েছিল ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছে সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন, কল্পরেখা, সালেহা স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মৈত্রী শিশুদল, ইউসেপ স্কুল ও স্পন্দন। এ ছাড়া সন্ধ্যা ছয়টায় প্রসাদ কৃষ্ণ রচিত ও তাপস সরকার নির্দেশিত যাত্রাপালা ‘আনারকলি’ পরিবেশন করেছে যাত্রাদল লোকনাট্য গোষ্ঠী।
জাদুঘরে গল্প শোনালেন গেরিলারা: মঞ্চে তিনজন গেরিলা। সাদা পাঞ্জাবি, পায়জামা ও টুপি পরা এম এ রশিদের চোখ কালো চশমায় ঢাকা। মঞ্চে দাঁড়িয়ে ঢাকার গেরিলা অপারেশনের গল্প বলছিলেন তিনি। মঞ্চে আরও উপস্থিত হাবিবুল আলম বীর প্রতীক।
গতকাল বুধবার সকালে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করা হয় একটি আলোচনা অনুষ্ঠানের। ‘১৯৭১: ঢাকার গেরিলা অপারেশন’ শীর্ষক এই অনুষ্ঠানে যুদ্ধের সময় নিজেদের অভিজ্ঞতার গল্প শোনালেন উপস্থিত গেরিলারা। অনুষ্ঠানটি সঞ্চালনাও করলেন আরেক গেরিলা—নাসির উদ্দীন ইউসুফ। অন্যরা গল্প বলার সময় তিনিও মনে করিয়ে দিচ্ছিলেন সেসব অপারেশনের নানা খুঁটিনাটি। বিস্ময়ভরা চোখে সেসব গল্প শুনছিলেন নানা বয়সী মানুষ। একাত্তরের মুক্তিযুদ্ধে এই গেরিলারা ছিলেন ঢাকায় অবস্থানরত পাকিস্তানি সেনাবাহিনীর ত্রাস। একটি অপারেশনের গল্প বলতে গিয়ে হাবিবুল আলম বলেন, ‘এক সন্ধ্যায় শেরাটনের মোড়ে গুলি করে কজন পাকিস্তানি সেনাকে মেরে ফেলার পর সেখানে তাদের লাশ পড়ে ছিল। পরদিন সকালে সেখান থেকে লাশ সরানো হয়।’ প্রশিক্ষিত ওই বাহিনীকে ভয় ধরিয়ে দেওয়ার জন্য ভারতীয় মিত্রবাহিনী ঢাকায় একটি লিফলেট বিতরণ করেছিল। তার এক পাশে উর্দু এবং অন্য পাশে ইংরেজিতে লেখা ছিল ‘মুক্তিবাহিনীর হাতে ধরা পড়ার আগেই আমাদের কাছে আত্মসমর্পণ করো।’
মুক্তিযোদ্ধাদের এখনো অবহেলার চোখে দেখা হয় দাবি করে হাবিবুল আলম বলেন, ‘কোনো সরকার জীবিত গেরিলা চায় না।’ তিনি বলেন, ‘দুই-চারজন যুদ্ধাপরাধীর ফাঁসি হলে চলবে না। অভিযুক্ত সবাইকে ফাঁসিতে ঝোলাতে হবে।’
গেরিলা যোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমান। অনুষ্ঠানের শেষে বক্তৃতা করেন তিনি।