বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশেদা খানম বিজয় দিবসের ৪২তম বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছোট বোন শেখ রেহানা এবং রেহানার পরিবারের সদস্যরা যোগ দেন। খবর বাসসের।
বর্ষীয়ান মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যরাও বিজয় দিবসের সংবর্ধনায় যোগ দেন।
এ ছাড়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কূটনীতিক, জ্যেষ্ঠ আইনজীবী, সুপ্রিম কোর্টের বিচারক, নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানেরা, জ্যেষ্ঠ রাজনীতিক, জাতীয় অধ্যাপক, সম্পাদক, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকেরা এ সংবর্ধনায় যোগ দেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদও যোগ দেন।
ভারতের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা ও শ্রীলঙ্কার ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরাও অনুষ্ঠানে যোগ দেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অন্য অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁরা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের খোঁজখবর নেন এবং তাঁদের কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে কেক কাটেন।
বিশিষ্ট সংগীতশিল্পী ফকির আলমগীর, সুবীর নন্দী, সামিনা চৌধুরী, আবদুল জব্বার ও শাকিলা জাফর সংবর্ধনা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন এবং সশস্ত্র বাহিনী, আনসার ও বিজিবির সদস্যরা ব্যান্ডসংগীত পরিবেশন করেন।