বিজয় দিবসেও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে তালা!
সারা বছরের মতো গতকাল মঙ্গলবার বিজয় দিবসেও ভোলা জেলা পরিষদের মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা ও জাদুঘরের প্রধান ফটক বন্ধ ছিল। জাদুঘরের তিনটি কক্ষ দখল করে বসবাস ও দাপ্তরিক কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া গেছে।’
এ নিয়ে দর্শনার্থী ও সুশীল সমাজের মধ্যে ক্ষোভ দেখা গেছে। জোর প্রচারণা চালিয়ে জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, নতুনবাজার জেলা পরিষদের প্রাচীরের মধ্যে মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা ও জাদুঘরের প্রধান ফটকে তালা দেওয়া। পরে পাশের দাপ্তরিক ভবনের দোতলায় উঠে দুটি ভবনের সংযোগসড়ক দিয়ে জাদুঘরে গেছেন ২০ জন দর্শনার্থী। সারা বছর বন্ধ থাকায় জাদুঘরের মেঝেতে, বইয়ে, সংগ্রহে ধুলো-ময়লা পড়েছে। সংগ্রহশালার একটি কক্ষে দাপ্তরিক কাজ চলছে। নিচতলার দুটি কক্ষ ব্যবহার হচ্ছে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোশারফ হোসেনের বসতঘর হিসেবে।
মোশারফ হোসেন জানান সাত মাস ধরে জেলা পরিষদের প্রধান নির্বাহী ও চেয়ারম্যানের অনুমতি নিয়ে জাদুঘরের কক্ষে বাস করছেন।
জাদুঘর পরিদর্শনকারীদের মন্তব্য খাতায় দেখা যায়, গত তিন বছরে ২০ জন মাত্র মন্তব্য করেছেন। তাঁদের বেশির ভাগই জাদুঘরের প্রধান ফটক খুলে রাখা, দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, বসবাসকারীদের সরিয়ে নেওয়াসহ দর্শনার্থী বাড়ানোর জন্য প্রচার চালানোর মন্তব্য করেন।
জাদুঘরে ঘুরতে আসা স্নিগ্ধা জানান, পরিবারসহ জাদুঘরে গিয়ে দেখেন প্রধান ফটক বন্ধ। জানতে চাইলে কর্তব্যরত ব্যক্তিরা বলেন, বিশেষ কোনো ব্যক্তি এলে খোলা হয়। পরে তাঁরা ফিরে আসেন।
তবে জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন বলেছেন, জাদুঘরটি জনগণের জন্য উন্মুক্ত।
জীবন-পূরাণ আবৃত্তি সংসদের সভাপতি মশিউর রহমান বলেন, জাদুঘরের প্রধান ফটক বছরের সব সময় খোলা রাখার জন্য বিজয় উৎসবপূর্বক সভায় জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ভোলার সংস্কৃতিকর্মীরা। তবুও খোলা হয়নি।
শিক্ষক নাসরিন জাহান বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর জন্য জাদুঘরটি ১২ মাস খোলা রাখা উচিত।
নাগরিক কমিটির আহ্বায়ক এস এম বাহাউদ্দিন বলেন, শহরের মধ্যে সুন্দর পরিবেশে একটি জাদুঘর হওয়ায় জেলা পরিষদকে ধন্যবাদ। কিন্তু উদ্বোধন পর্যন্ত সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রচারণা চালিয়ে এর জনপ্রিয়তা বাড়ানো জেলা পরিষদের দায়িত্ব।
২০১১ সালে ভোলা জেলা পরিষদের ডাকবাংলোটিকে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর বানিয়ে উদ্বোধন করেন বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মাহবুবুল আলম বলেন, জেলা পরিষদের উচিত জাদুঘরকে সংরক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, যেন শিক্ষার পাশাপাশি বিনোদন হয়। তবেই জাদুঘরে মানুষের সমাগম বাড়বে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী এ বি এম শওকাত ইকবাল বলেন, কক্ষসংকটের কারণে প্রকৌশলীকে বসতঘর ও প্রধান সহকারীর দাপ্তরিক কাজের জন্য জাদুঘরের কয়েকটি কক্ষ নেওয়া হয়েছে।
প্রধান দরজা বন্ধের বিষয়ে শওকাত ইকবাল বলেন, নিরাপত্তার স্বার্থে জাদুঘরের নিচতলার প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে।