বিজয় দিবসের আগেই তদন্তে বড় অগ্রগতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবসের আগেই একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে চলমান তদন্তে বড় ধরনের অগ্রগতি দেখা যাবে। মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের সদস্য (প্রসিকিউটর) জেয়াদ-আল্ মালুম এ কথা জানিয়েছেন। গতকাল সোমবার সেক্টর কমান্ডারস ফোরামের সঙ্গে ট্রাইব্যুনালের তদন্ত ও আইনজীবী দলের মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।মুক্তিযুদ্ধ জাদুঘরে সেক্টর কমান্ডারস ফোরামের সঙ্গে মতবিনিময় করেন ট্রাইব্যুনালের তদন্ত ও আইনজীবী দলের (প্রসিকিউটর) সদস্যরা। সভা শেষে সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও জেয়াদ-আল্ মালুম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।সভা প্রসঙ্গে হারুন অর রশীদ বলেন, সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের তথ্যপ্রমাণ সংগ্রহে সেক্টর কমান্ডারস ফোরামের সহায়তা চেয়েছে। এ বিচারের স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে ট্রাইব্যুনাল ও আইনজীবী দলকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। এর বাইরে আর কী কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট করে তিনি কিছু বলেননি।ফোরামের সভাপতি এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় চিফ প্রসিকিউটর গোলাম আরিফ, তদন্ত দলের সদস্য আবদুর রহিম, সেক্টর কমান্ডারস ফোরামের প্রচার সম্পাদক হারুন হাবীব, ম. হামিদসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও আইনজীবী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।