বিজয় দিবসের আগেই রায় কার্যকরের দাবি

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের রায় আগামী বিজয় দিবসের আগেই কার্যকরের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী-বাম সমর্থিত নীল দলের শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে তাঁরা এ দাবি জানান।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দীন আহমেদ বলেন, ‘যেসব যুদ্ধাপরাধীর ফাঁসির রায় হয়েছে, তা দ্রুত কার্যকর করতে হবে। বর্তমান সরকার যেভাবে বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করেছে, সেভাবে এই যুদ্ধাপরাধীদের রায়ও দ্রুত কার্যকর করবে বলে আমার বিশ্বাস।’
অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ঐতিহাসিকভাবে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। আগামী দিনে নির্বাচনে বিএনপি-জামায়াত বা তৃতীয় শক্তি ক্ষমতায় এলে এ রায় কার্যকর হবে না। তাই এ রায় দ্রুত কার্যকর করতে হবে।
নীল দলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, শিক্ষক শফিকুজ্জামান, দুর্গাদাস ভট্টাচার্য, শেখ আবদুস সালাম, এফ রহমান হলের প্রাধ্যক্ষ আজিজুর রহমান, জহুরুল হক হলের প্রাধ্যক্ষ আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।