বিজয় দিবসের কর্মসূচি বর্জন
আজ মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন আয়োজিত সব কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। গত সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. হারুন অর রশিদের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, দলের বর্তমান উপজেলা কমিটি জেলা ও কেন্দ্রীয় কমিটি অনুমোদিত একমাত্র বৈধ কমিটি। কেন্দ্রীয় কমিটি চিঠি দিয়েও বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছে। কিন্তু বর্তমান উপজেলা প্রশাসন বিজয় দিবস উদ্যাপনে উপজেলা আওয়ামী লীগের বৈধ কমিটিকে উপেক্ষা করেছে। বিজয় দিবসের কর্মসূচি গ্রহণে এ কমিটিকে মূল্যায়ন করা হয়নি। বরং সাংসদ গোলাম মাওলার অনুগত গুটি কয়েক নেতাকে নিয়ে গঠিত তথাকথিত কমিটির নেতাদের বিজয় দিবসের জন্য গঠন করা বিভিন্ন উপকমিটিতে রাখা হয়েছে। এ জন্যই কার্যকরী কমিটির সভায় উপজেলা প্রশাসনের বিজয় দিবসের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উপজেলা আওয়ামী লীগের একাংশের (সাংসদ-সমর্থিত অংশ) সভাপতি মো. রেজাউল করিম হাওলাদার বলেন, ‘যাঁরা উপজেলা প্রশাসনের বিজয় দিবসের কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছেন, তাঁরা দলের কেউ নন। তাঁদের কমিটির কোনো বৈধতা নেই।’গলাচিপার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কার তাজুল ইসলাম বলেন, ‘বিজয় দিবস উদ্যাপনের লক্ষ্যে আমরা প্রথম যে সভা করি, তাতে উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ নিজে উপস্থিত ছিলেন। স্থানীয় সাংসদ বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকছেন। এ ক্ষেত্রে সাংসদের পরামর্শ অনুযায়ীই আমরা বিভিন্ন লোকের সমন্বয়ে বিজয় দিবস উদ্যাপনের জন্য উপকমিটিগুলো করেছি।’