বিজয় দিবসের নামে চাঁদাবাজি গ্রেপ্তার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করার নামে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে চলাচলরত বিভিন্ন নৌযানে গতকাল শনিবার চাঁদাবাজি করার সময় পুলিশ উপজেলা আওয়ামী লীগের ১১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় সোনারগাঁ থানার এসআই হারুন অর রশিদ বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। চাঁদাবাজির টাকাসহ তাঁদের ব্যবহূত ইঞ্জিনচালিত একটি ট্রলার জব্দ করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা নদীতে গতকাল সন্ধ্যায় বিভিন্ন নৌযানে চাঁদাবাজির সময় একদল পুলিশ অভিযান চালায়। তারা চাঁদাবাজির সময় আওয়ামী লীগের ক্যাডার রাকিব হাসান, জামান মিয়া, মোক্তার হোসেন, কবির হোসেন, বজলুর রহমানসহ ১১ জনকে আটক করে থানায় নিয়ে যান। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজির সাড়ে সাত হাজার টাকা এবং তাঁদের ব্যবহূত একটি ট্রলার জব্দ করা হয়।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুঁইয়া জানান, ‘দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে আমরা তার দায় নেব না।’