বিজয় দিবসের পতাকা উত্তোলন কমিটিতে শিবিরের সাবেক নেতার নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে বিজয় দিবস উদ্যাপন কমিটির উপদেষ্টার তালিকায় এক মৃত ব্যক্তির নাম এবং জাতীয় পতাকা উত্তোলন কমিটিসহ তিনটি উপকমিটিতে ছাত্রশিবিরের সাবেক এক নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।জানা গেছে, বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ২ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও এ বি এম সাদিকুর রহমানের সভাপতিত্বে সভায় গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। ওই কমিটির উপদেষ্টা হিসেবে উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রয়াত সেকান্দার আলী মিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়। তিনি গত ৯ জানুয়ারি মারা যান। বিজয় দিবসের অনুষ্ঠানে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন কমিটির সদস্য হিসেবে ছাত্রশিবির বাউফল ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে রাখা হয়। এ ছাড়া তাঁকে অর্থ ও পুরস্কার ক্রয় উপ-কমিটির সদস্য এবং ক্রীড়া উপ-কমিটির সদস্য হিসেবেও রাখা হয়। দেলোয়ার হোসেন স্বীকার করেন, তিনি একসময় ছাত্রশিবির করতেন। আজকালের মধ্যে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ওই শিবির নেতার নাম প্রত্যাহারের দাবিতে লিখিত অভিযোগ করা হবে বলে জানান উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান।বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুক্তিযোদ্ধা নূরুল হক মৃধা বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় যে দল জাতীয় পতাকাকে পদদলিত করার পক্ষে কাজ করেছিল। সেই জামায়াত-শিবিরের নেতারা এখন সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন উদ্যাপন উপ-কমিটির সদস্য। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক।’ইউএনও এ বি এম সাদিকুর রহমান বলেন, ‘আমি সদ্য যোগদান করেছি, কে শিবির আর কে মৃত আমার জানা ছিল না।’