বিজয় দিবসের প্রথম প্রহরে বিদ্যুৎ না থাকায় ক্ষোভ
রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিজয় দিবসের প্রথম প্রহরে বিদ্যুৎ না থাকায় বিভিন্ন দলের নেতা-কর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। বিদ্যুৎবিহীন অবস্থায়ই প্রশাসন ও বিভিন্ন সংগঠন রাত ১২টা এক মিনিটে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুৎ সমিতি বদরগঞ্জে বিদ্যুৎ সরবরাহ করে। গত সোমবার সকাল আটটা থেকে ১২টা ৩৫ মিনিট পর্যন্ত টানা বিদ্যুৎ ছিল না। এতে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ পুলিশ নিয়ে পৌর শহর টহল দেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেন বলেন, ‘আমার জীবনেও আমি দেখিনি বিজয় দিবসের রাতে বিদ্যুৎ থাকে না। এটা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের খামখেয়ালি ছাড়া আর কিছুই নয়।’
বদরগঞ্জ কাপড় ব্যবসায়ী সোহেল রানা অভিযোগ করেন, ‘গত রোববার রাতে শহরে বিদ্যুৎ কর্তৃপক্ষ মাইকিং করে ঘোষণা দেন, বিদ্যুতের লাইন সংস্কারের জন্য সোমবার সকাল আটটা থেকে ওই দিন বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কিন্তু তাদের সেই ঘোষণার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’
বদরগঞ্জ বাজারের রাব্বী ইলেকট্রনিকস ও মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক হেলাল হোসেন অভিযোগ করেন, ‘শুধু বিজয় দিবসের রাতে নয়, গত পাঁচ মাসের মধ্যে তিন মাস দিনের বেলা বিদ্যুৎ পাইনি। এতে ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করতে পারছি না। চরম সমস্যায় পড়েছি।’
ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘বিজয় দিবসের রাতে বিদ্যুৎ না থাকাটা খুবই দুঃখজনক। ওই রাতে আমি নিজেও উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম।’
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আঞ্চলিক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. হাদিউজ্জামান বলেন, ‘গত ১০ মে থেকে তারাগঞ্জের হাড়িয়ারকুঠি থেকে চেংমারী পর্যন্ত নতুন বিদ্যুতের লাইন তৈরির কাজ চলছে। এ কারণে ঠিকমতো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করতে পারছি না।’ ।