বিজয় মাসের পণ্যমেলা শুরু
বিজয়ের মাস উপলক্ষে চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে মাসব্যাপী কুটির শিল্প ও পণ্যমেলা। মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদ এ মেলার আয়োজক। আজ মঙ্গলবার বিকেলে এ পণ্যমেলা শুরু হলেও বিজয়মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১০ ডিসেম্বর।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, যুগ্ম সম্পাদক বদিউল আলম, জাসদ কেন্দ্রীয় কমিটির নেতা ইন্দু নন্দন দত্ত, মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের মহাসচিব মো. ইউনুস ও আহমেদুর রহমান সিদ্দিকী ও সহকারী মহাসচিব ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, বিজয়মেলা পরিষদের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ পণ্যমেলা শুরু হয়েছে। ১০ ডিসেম্বর থেকে শুরু হবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান। এ ছাড়া ১৩ ডিসেম্বর থেকে নগরের লালদীঘির ময়দানে শুরু হবে মুক্তিযুদ্ধের বই মেলা।
এবারের পণ্যমেলায় ২৫৫টি স্টল রয়েছে। চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত । মেলায় সব ধরনের দর্শকের প্রবেশ উন্মুক্ত।