বিজয় মেলার নামে অশ্লীল নৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ, মেহেরপুরের গাংনী ও কক্সবাজারের রামু উপজেলায় বিজয় মেলার নামে অশ্লীল নৃত্যের প্রদর্শনী চলছে। একই সঙ্গে শিবগঞ্জ ও গাংনীতে আয়োজকেরা হাউজি ও জুয়া খেলার আসর বসিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর;শিবগঞ্জ (বগুড়া): শিবগঞ্জ থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে বড়হাট এলাকায় ২২ ডিসেম্বর থেকে এ মেলা শুরু হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ মেলার আয়োজক। মেলা উদ্বোধনের দিন থেকেই বিশাল প্যান্ডেল তৈরি করে হাউজি ও জুয়া খেলা চালানো হচ্ছে। উদ্বোধনের পরের দিন থেকেই শুরু হয়েছে যাত্রার নামে অশ্লীল নৃত্য প্রদর্শন। স্থানীয় লোকজনকে মেলায় আসতে উদ্বুদ্ধ করার জন্য মাইক দিয়ে প্রচারণা চালানো হচ্ছে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ কে এম লুৎফর রহমান জানান, আয়োজক কমিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিজয় মেলার অনুমোদন নিয়েছে। মেলা চালানোর অনুমোদন দেওয়ার সময় শর্ত দেওয়া হয়েছিল মেলায় হাউজি ও জুলা খেলার আয়োজন করা যাবে না। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো কিছু আয়োজন করা যাবে না। কিন্তু আয়োজক কমিটি ওই শর্ত ভেঙে মেলার জায়গায় এসব অপতৎপরতা চালাচ্ছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল বারী মেলায় যাত্রা ও জুয়া খেলার আসর বসানো হয়নি দাবি করে বলেন, ‘মেলায় তো ওয়াজ-মাহফিল হবে না। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।’মেহেরপুর: গাংনী পৌরসভার পাশে মহিলা কলেজপাড়ায় বিশাল প্যান্ডেল তৈরি করে সেখানে হাউজি ও জুয়া খেলার আসর বসানো হয়েছে। মেহেরপুর জেলা শহরেও হাউজির বিষয়ে মেলার আয়োজক কমিটির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। মহিলা কলেজপাড়ার বাদাম ব্যবসায়ী সাহেব আলী জানান, প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চলে হাউজি ও জুয়া খেলা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ১২টার পর মেলার প্যান্ডেলে শুরু হয় অশ্লীল নৃত্য।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, গাংনীর মেয়রসহ আওয়ামী লীগের নেতারা বিজয় মেলার নামে অনুমতি নিয়ে হাউজি ও জুয়া খেলার আয়োজন করেছেন। হাউজি ও জুয়া খেলা নিষিদ্ধ। গাংনী পৌরসভার মেয়র আহম্মদ আলী বলেন, তিনি হাউজি ও জুলা খেলার আয়োজনের সঙ্গে জড়িত নন।রামু (কক্সবাজার): কক্সবাজারের রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে বিজয় মেলার নামে অশ্লীল নাচ-গান চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৪ ডিসেম্বর শুরু হয়ে এ মেলা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুর রহিম জানান, দৈনিক এক হাজার টাকা ভাড়ায় বিদ্যালয় মিলনায়তন পুতুলনাচের জন্য দেওয়া হয়েছে। বিজয় মেলা উদ্যাপন পরিষদের মহাসচিব ও উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজুল আলম বলেন, ‘পুতুলনাচের কথা বলে অনুমতি নিয়েছি। যদি অশ্লীল নাচ-গান প্রদর্শনী হয়, তবে তা বন্ধ করে দেওয়া হবে।’