বিজয় মেলার নামে চলছে অশ্লীল নৃত্য, জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাটে গত বৃস্পতিবার থেকে মুক্তিযুদ্ধের বিজয় মেলার নামে যাত্রাপালায় অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনজন সদস্য মিলে এ মেলার আয়োজন করে। আয়োজকেরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমঝোতা করে সেখানে হাউজি, র‌্যাফল ড্র, ওয়ান-টেনসহ বিভিন্ন ধরনের জুয়ার আসর পরিচালনা করছেন। এ ছাড়া যাত্রার নামে অশ্লীল নাচগান চলছে। এসব আয়োজনে মানুষকে আসার প্রলোভন দেখিয়ে দিনভর মাইকে প্রচারণা চলছে। লোভনীয় বিভিন্ন পুরস্কারের কথা বলে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় র‌্যাফল ড্রর টিকিট বিক্রি করা হচ্ছে। মেলায় মুক্তিযুদ্ধবিষয়ক কোনো কিছুই নেই।নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, মেলার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। এতে স্থানীয় প্রশাসন আর গুটিকয় লোকের পকেট ভারী হচ্ছে। নিঃস্ব হচ্ছে অনেক সাধারণ মানুষ।মেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে আমার নামে সপ্তাহব্যাপী মেলার অনুমতি নেওয়া হয়েছে। মূলত মেলা চালাচ্ছেন ইউপির তিন সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা। আমি কড়া নির্দেশ দেব, যাতে এসব অশ্লীলতা বা জুয়া না হয়।’বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম বলেন, ‘আমি মেলার সঙ্গে কোনোভাবে জড়িত নই।’ শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘মেলা ভেঙে দেওয়া হয়েছিল। তার পরও যদি আবার হয়ে থাকে, তবে আমি নিজে গিয়ে ব্যবস্থা নিচ্ছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান বলেন, বৃহস্পতিবারই থানার পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তার পরও সেখানে অশ্লীল নাচ বা জুয়া হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।বগুড়ার পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি যা করার করবেন।স্থানীয় সাংসদ এ কে এম হাফিজুর রহমান বলেন, ‘এসব অনৈতিক কর্মকাণ্ড তরুণ সমাজকে ধ্বংস করবে। বিষয়টি আমি এখনই জেলা প্রশাসনকে জানাচ্ছি।’