বিজয় মেলায় অশ্লীল নাচ, জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর দুটি উপজেলায় বিজয় মেলায় অশ্লীল নাচ-গান ও জুয়ার আসর বসিয়ে লাখ লাখ টাকার ব্যবসা চলছে। অভিযোগ উঠেছে, মেলা আয়োজনের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতারা জড়িত থাকায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের উজিলাব বাজারের কাছে শুরু হয়েছে বিজয় মেলা। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মেলার আয়োজক কমিটির আহ্বায়ক আমলাব ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ইউনিয়নের সভাপতি বশির উদ্দিন আহমেদ।সরেজমিনে দেখা যায়, সন্ধ্যায় শুরু হয় মেলা। রাত হলেই পার্শ্ববর্তী এলাকার লোকজনের আগমনে ভরে ওঠে মেলা প্রাঙ্গণ। অশ্লীল নাচ, জুয়া ও হাউজির মধ্য দিয়ে ভোররাত পর্যন্ত চলে মেলা। গত রোববার এ মেলায় আগত বেলাবো উপজেলার আবদুল্লানগর গ্রামের তিন বন্ধু হারুন অর রশিদ, সেলিম মিয়া ও ইকবাল হোসেন বলেন, ‘আমরা যাত্রা দেখতে আইছি। হুনছি এহানে গরম গরম নাইচ হয়। সুযোগ করে হাউজি খেলমু।’মেলায় অশ্লীল নাচ ও জুয়ার আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপজেলার আমলাব ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব মিয়া। জানতে চাইলে মেলা আয়োজক কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের নেতা বশির উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা যা করছি এলাকার মানুষের চাহিদা অনুযায়ীই করছি। যাত্রায় বিশেষ কিছু না থাকলে মানুষ দেখতে আসে না। আর হাউজি হলো মেলার প্রাণ।’মনোহরদী উপজেলায়ও একই ধরনের মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা সদরের ডাকবাংলোসংলগ্ন চরে আয়োজিত এ মেলা শুরু হয়েছে ৫ ডিসেম্বর। ‘আমরা কজন মুজিব সেনা’ নামের একটি সংগঠন আয়োজিত মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন সাংসদ নুরুল মজিদ মাহমুদ। মেলা আয়োজক কমিটির একাধিক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, হাউজি ও জুয়া তো চলছেই। এ ছাড়া যাত্রা দেখার জন্য উপজেলা ব্যবসায়ীদের কাছে এক হাজার, ৫০০ ও ৩০০ টাকার টিকিট বিক্রি করা হচ্ছে। অনেকে যেতে না চাইলেও ক্ষমতাসীন দলের চাপে তাঁদেরও টিকেট কিনতে হয়েছে।এলাকাবাসী জানান, গত বছরও একই রকমের মেলা আয়োজন করা হয়েছিল। এবার তাই এটা বন্ধে বিজয়ের মাসের শুরুতে ৩ ডিসেম্বর এলাকার যুবসমাজ গণস্বাক্ষর গ্রহণ শুরু করে। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বাক্ষর সংগ্রহ করা বইটি কেড়ে নিয়েছেন।অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান বলেন, তিনি কোনো স্বাক্ষর করা বই কেড়ে নেননি। মেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘স্টল বরাদ্দ দিয়ে বিজয় উৎসবের খরচ মেটানো যাচ্ছে না। তাই লটারি, হাউজি ও যাত্রার আয়োজন করা হয়েছে।’আক্ষেপ করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল খালেক বলেন, ‘নরসিংদীর বিজয় মেলা মানে অশ্লীল নাচ, জুয়া আর চেতনাবিরোধী গানের আয়োজন। ভাবতে কষ্ট হয়, এমন চেতনাবিরোধী কর্মকাণ্ড চললেও প্রশাসনের চোখে পড়ছে না।’জানতে চাইলে পুলিশ সুপার আক্কাছ উদ্দিন আলী বলেন, নিয়মনীতি মেনে চলার অঙ্গীকার করে আয়োজকেরা অনুমতি নিয়েছিলেন। মেলায় লটারি, জুয়া ও অশ্লীল নাচ হলে তা বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।জেলা প্রশাসক অমৃত বাড়ৈ বলেন, ‘শুনেছি, বিজয় মেলায় লটারি, জুয়া ও অশ্লীল নাচ হচ্ছে। মেলা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।’ সাংসদ নুরুল মজিদ মাহমুদ বলেন, ‘মেলার খরচ জোগানোর জন্য হাউজি ও যাত্রা পরিচালনার অনুমতি দেওয়া হয়। তবে জুয়া খেলার অনুমতি দেওয়া হয়নি।’