বিজয় শিখা প্রজ্বালন

বিজয় শিখা প্রজ্বালনের মাধ্যমে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের মূল ফটকের সামনে শিখা প্রজ্বালন করা হয়। মেলার আয়োজক মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহিত উল আলম, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার মো. সাহাবউদ্দিন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মো. ইউনুস প্রমুখ।
শিখা প্রজ্বালনের আগে বক্তব্য দেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রামের এ বিজয়ের শিখা সারা দেশে ছড়িয়ে পড়ুক। বঙ্গবন্ধুর স্বপ্নকে সার্থক করতে নতুন প্রজন্মের সবাইকে সোনার মানুষ হতে হবে। দেশে জঙ্গিবাদ, মৌলবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদসহ সব অপশক্তিকে রুখে দিতে হবে।
বিজয় শিখা প্রজ্বালনের পর জিমনেসিয়াম মাঠে স্থাপিত অস্থায়ী বিজয়মঞ্চে শুরু হয় আলোচনা সভা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিচ্ছেন। স্বাধীনতাবিরোধী শক্তি একে নস্যাৎ করার চেষ্টা করছে। দেশের স্বাধীনতাকামী তরুণ-যুবসমাজসহ সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।
১ ডিসেম্বর থেকে এম এ আজিজ আউটার স্টেডিয়ামে চলছে বিজয় মেলা পরিষদের মাসব্যাপী কুটির শিল্প ও পণ্যমেলা।