বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়ক চালু হচ্ছে মঙ্গলবার
রাজধানীর পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে সরাসরি কোনো সড়ক নেই। এই দুুই প্রান্তের মধ্যে যাতায়াত করতে হলে ধরতে হবে উত্তর-দক্ষিণ প্রান্তের রাস্তা। র্যাংগস ভবন ভেঙে তৈরি করা বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সেই সমস্যার সমাধান করবে। সড়কটির বাস্তবায়নকারী সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, এই সংযোগ সড়ক চালু হলে উত্তরা বা গুলশান-বনানী এবং ধানমন্ডি-লালমাটিয়া-মোহাম্মদপুর যাতায়াতের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, ফার্মগেট বা পান্থপথের সড়ক ব্যবহার করতে হবে না। বিজয় সরণি- তেজগাঁও সংযোগ সড়ক ব্যবহার করলেই হবে। তবে পূর্ব ঘোষণা থাকলেও আজ শুক্রবার এই সংযোগ সড়ক চালু হচ্ছে না। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২০ এপ্রিল মঙ্গলবার সড়কটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজউক চেয়ারম্যান এর জন্য অনিবার্য কারণের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পরই এই সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গণপূর্তসচিব রশিদুল হাই এক সমীক্ষার উদ্ধৃতি দিয়ে প্রথম আলোকে বলেছিলেন, সড়কটি চালু হলে প্রতি ঘণ্টায় চার হাজার যানবাহন চলাচল করতে পারবে। এ প্রসঙ্গে রাজউকের চেয়ারম্যান গতকাল বৃহস্পতিবার বলেন, এই সংযোগ সড়কে ঘণ্টায় চার হাজার যানবাহন চলতে পারা অসম্ভব নয়। তবে এর জন্য চারদিকের যানজট থাকতে হবে সহনীয় মাত্রায়। তিনি বলেন, রাজধানীর আয়তন অনুসারে রাস্তা থাকার কথা ২৭ থেকে ৩০ শতাংশ। রয়েছে আট শতাংশ। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে উন্নত বিশ্বের মতো ঢাকায় তিনস্তরের (ভূ-পৃষ্ঠ, পাতাল ও উড়াল) রাস্তা করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৭ আগস্ট বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়ক প্রকল্প অনুমোদিত হয়। ২২ তলা র্যাংগস ভবনের কিছু অংশ রাজউকের অনুমোদন ছাড়া নির্মাণ করার কারণে মামলা হয়েছিল এবং আদালতের রায়ের ভিত্তিতে এ ভবনটি ভেঙে ফেলা হয়। সড়কের কাজ শুরুর আগে ভবনটি ভাঙার সময় ওই বছরের ৮ ডিসেম্বর রাতে ভবনের বিভিন্ন তলা ধসে পড়ে মারা যান ১৯ জন শ্রমিক। পরে কাজ শুরু হয় ২০০৮ সালের ১৭ আগস্ট। ২০০৮ সালের ১৬ ডিসেম্বর সড়ক চালু হওয়ার কথা থাকলেও ‘উড়ালসেতু’র জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় সময় পিছিয়ে যায়। পরে গত ২৬ মার্চ এটি চালু করার সময়সূচি ঠিক হলেও তাও সম্ভব হয়নি। ১১৪ কোটি টাকা ব্যয়ে তৈরি এই সড়কের দৈর্ঘ্য এক হাজার ৪০০ মিটার। এর মধ্যে সড়ক রয়েছে ৪৪৫ মিটার এবং তেজগাঁও রেললাইনের ওপর দিয়ে উড়ালসেতু ৬৬৯ মিটার। ব্যয় হওয়া ১১৪ কোটি টাকার মধ্যে চার কোটি পাঁচ লাখ টাকা ব্যয় করা হয়েছে মূল সড়ক নির্মাণে ও উড়ালসেতু তৈরিতে লেগেছে প্রায় ৪৯ কোটি টাকা। বাকি টাকা ব্যয় হয়েছে জমি অধিগ্রহণ সংক্রান্ত ক্ষতিপূরণ ও উন্নয়নে। ৬০ ফুট চওড়া সড়কটির দুই পাশের ফুটপাত পাঁচ ফুট করে এবং মাঝখানের ডিভাইডার দুই ফুটের। দুটি লেনে মূল সড়ক ৪৮ ফুটের।