বিজয় সাগর-এর পুনঃখনন শুরু আনন্দ-উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গ করা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি এবং ক্যাম্পাসকে পরিবেশবান্ধব করতে ‘বিজয় সাগর’ নামের একটি দিঘির পুনঃখননের কাজ শুরু হয়েছে। এ কাজ শুরু হওয়ায় ছাত্রছাত্রীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান আনুষ্ঠানিকভাবে এই পুনঃখননের কাজ শুরু করেন। এ সময় সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্, সিন্ডিকেট সদস্য জালাল উদ্দিন, মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক এম আই গোলদার, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর সরকার, রাজশাহীর পবা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শহীদ শামসুজ্জোহা হলের পূর্ব প্রান্তে অবস্থিত একাত্তরের বধ্যভূমিসংলগ্ন প্রায় ১৬ একর জায়গাজুড়ে বিজয় সাগরের সীমানা নির্ধারণ করা হয়েছে। ২০০৮ সালের ৩ মে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন এর খননকাজ শুরু করলেও শেষ পর্যন্ত তা আর এগোয়নি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক চিত্তরঞ্জন মিশ্র জানান, বিজয় সাগর পুনঃখননে প্রায় আট লাখ টাকা ব্যয় হবে। ১৬ একর জায়গার মধ্যে জলাশয় থাকবে প্রায় ১২ একরজুড়ে। অবশিষ্ট চার একরে পাড় নির্মাণ করা হবে। পাড়ে ছায়াদানকারী বিভিন্ন প্রজাতির গাছ থাকবে। উপাচার্য বলেন, বিজয় সাগরের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানানো সম্ভব হবে। শুষ্ক মৌসুমে ক্যাম্পাসের পানিসংকট নিরসনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পাস করা শিক্ষার্থী ফয়সাল ইসলাম, নৃ-বিজ্ঞানের আরাফাত কবির, সমাজকর্মের আল মামুন সরকার, ফরহাদ আহমেদসহ আরও অনেকে জানান, বিজয় সাগর ক্যাম্পাসের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করবে।