বিজয়নগর উপজেলার প্রধান কেন্দ্র স্থানান্তরের চেষ্টা, বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার প্রধান কেন্দ্র মির্জাপুর থেকে চম্পকনগরে স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে উপজেলার চান্দুরায় কয়েক হাজার জনতা গতকাল শনিবার বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় ব্রাক্ষণবাড়িয়া সদর ও বিজয়নগরের একাংশের সাংসদ লুৎফুল হাইয়ের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ ছাড়া সমাবেশ থেকে মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়। বিজয়নগর উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী হারিছুর রহমান, কাজী শফিকুল ইসলাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুর রহমান, জেলা বিএনপির সদস্য বদরুল হাসান চৌধুরী, জাতীয় পার্টির জেলা যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা দীপক চৌধুরী, ডলি রানী দাস প্রমুখ।সমাবেশে বক্তারা উপজেলার প্রধান কেন্দ্রের স্থান নির্ধারণ নিয়ে সাংসদ লুৎফুল হাইয়ের ভূমিকার প্রতিবাদ জানান। পরে সমাবেশ শেষে গতকাল দুপুর একটার দিকে পাঁচ শতাধিক জনতা ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল এবং সাংসদের কুশপুত্তলিকা দাহ করে। এ সময় কিছুক্ষণ ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সমাবেশ থেকে আগামী ৯ নভেম্বর ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ নভেম্বর ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সিলেট রেলপথ অবরোধ এবং ১৪ নভেম্বর বিজয়নগরের সব হাটবাজারে হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও সাংসদ লুৎফুল হাইয়ের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।