বিজয়নগর ও মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গতকাল বুধবার যাত্রীবাহী বাসের চাপায় শিশু, নারীসহ চারজন নিহত হয়েছেন। নেত্রকোনার মোহনগঞ্জে গত মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট থেকে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের বিজয়নগর উপজেলার শশই এলাকায় একটি রিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে রিকশাচালক সানারুল মিয়া (২৫), এক বছর বয়সী এক শিশু ও এক ব্যক্তি (৫০) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত অজ্ঞাতনামা এক নারীকে (৩৫) স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। কিছুক্ষণ পর তিনিও সেখানে মারা যান। সানারুল মিয়ার আত্মীয় ফারুক মিয়া জানান, সানারুল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার চাইরগাঁও গ্রামের কাসেম আলীর ছেলে। তিন-চার মাস আগে সানারুল বিয়ে করেন। এক মাস ধরে তিনি হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের কোনা মাধবপুর এলাকায় আবদুল কাইয়ূম মিয়ার বাড়িতে ভাড়া থাকা শুরু করেন। তিনি মাধবপুর শহর ও এর আশপাশে রিকশা চালাতেন। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদির বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় জানা যায়নি। বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়েছেন। এ ব্যাপারে ট্রাকচালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকার সামনের সড়কে তেলবাহী লরির সঙ্গে একটি যাত্রীবাহী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক আব্দুল মোমিন (৩০) নিহত ও যাত্রী মাসুম আহমেদ (২০) গুরুতর আহত হন। নিহত মোমিনের বাড়ি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ধরমপাশা উত্তরপাড়া গ্রামে। ওই রাতেই গুরুতর আহত অবস্থায় মাসুম আহমেদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।