বিজয়নগর সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভারত সীমান্তবর্তী নয়াবাদী এলাকায় বাংলাদেশি যুবক নিহত আনোয়ার হোসেনের (২০) লাশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল শনিবার বিকেল চারটায় পতাকা বৈঠকের মাধ্যমে এ লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত আনোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নলগুরিয়া গ্রামের রাজা মিয়ার ছেলে। বিজিবি ও নিহত আনোয়ারের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আনোয়ার হোসেন গত ১৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। পরে খবর পাওয়া গেছে ভারতীয় লোকজনের পিটুনিতে তিনি মারা গেছেন। গতকাল শনিবার বিএসএফ আনোয়ার হোসেনের লাশ ফেরত দেয়। পতাকা বৈঠকে বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষে উপস্থিত ছিলেন আখাউড়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌহিদ উদ্দিন, নায়েব সুবেদার শাহ আলম। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের ভাগলপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএস রাহুরি, লংকামুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় মিত্র। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, আনোয়ার অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। ওই দেশের স্থানীয় লোকজনের হাতে আনোয়ার হোসেন নিহত হয়েছেন। তাঁদের উপস্থিতিতে বিএসএফ নিহত আনোয়ার হোসেনের লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে। পরে লাশটি তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে।