বিজয়নগরে গৃহবধূকে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গেরারগাঁও গ্রামে জোহরা খাতুন নামের এক গৃহবধূকে গত শনিবার বিকেলে মারধর শেষে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার সকালে গৃহবধূর স্বামীসহ পাঁচজনকে আসামি করে বিজয়নগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এজাহারে বলা হয়, নয় বছর আগে গেরারগাঁও গ্রামের হুমায়ুন কবীরের সঙ্গে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জোহরা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে জোহরাকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করত। নির্যাতন থেকে বাঁচার জন্য জোহরা ছয় মাস আগে তাঁর বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা এনে হুমায়ুনকে দেন। হুমায়ুন এই টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। কিন্তু ব্যবসায় লোকসান হলে হুমায়ুন আরও দুই লাখ টাকা এনে দেওয়ার জন্য জোহরার ওপর চাপ সৃষ্টি করেন। এই টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে গত শনিবার বিকেলে জোহরাকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারধর করে। একপর্যায়ে জোহরা অচেতন হয়ে পড়লে তাঁর মুখে বিষ ঢেলে দেওয়া হয়। সন্ধ্যায় তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে হুমায়ুন ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে যায়। দুই সন্তানের জননী জোহরা সেখানে শনিবার রাতে মারা যান।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, সকালে জেলা সদর হাসপাতালে জোহরার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।