বিজয়নগরে চিকিৎসক দম্পতির বাসায় ডাকাতি
রাজধানীর বিজয়নগরে গতকাল বুধবার ভোরে এক চিকিৎসক দম্পতির বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে ওই বাসা থেকে টাকা ও প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে। পল্টন থানার সূত্র জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে চারজন ডাকাত সীমানাদেয়াল টপকিয়ে চিকিৎসক দম্পতি আবুল কালাম আজাদ ও দিলারা বেগমের দ্বিতীয় তলার বাসার গ্রিল কেটে বারান্দায় ওঠে। পরে তারা রান্নাঘরের দরজার সিটকিনি ভেঙে বাসায় ঢোকে। ডাকাতেরা অস্ত্রের মুখে চিকিৎসক দিলারাকে ঘুম থেকে জাগিয়ে তোলেন। এ সময় আবুল কালাম নারায়ণগঞ্জে কর্মস্থলে ছিলেন। বাসায় ছিল তাঁদের ছোট্ট দুই সন্তান। ডাকাতেরা দিলারার কাছ থেকে চাবি নিয়ে স্টিলের আলমারি খুলে ৯০ ভরি স্বর্ণালংকার, সাড়ে তিন হাজার টাকাসহ ৫০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, এটি ডাকাতি নয়। চিকিৎসক আবুল কালাম বাদী হয়ে পল্টন থানায় দস্যুতার মামলা করেছেন। এ ঘটনায় বাড়ির গাড়িচালক ও দারোয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে চেষ্টা চলছে।