বিজয়নগরে জমি নিয়ে বিরোধে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সবজাল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার মনিপুর গ্রামে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।পরিবার ও পুলিশ জানায়, মনিপুর গ্রামের দুধ মিয়া (৪৮) ও তাঁর প্রতিবেশী মনা মিয়ার (৫০) মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে তাঁদের মধ্যে একাধিক মামলাও রয়েছে। এর জের ধরে ওই দিন সন্ধ্যায় মনার আত্মীয় সবজালের ওপর দুধ মিয়া তাঁর বড় ভাই ফরিদ মিয়া এবং তাঁর দুই ছেলে ইমাম হোসেন ও মোশাররফ হোসেন হামলা চালান। তাঁরা তাঁর মাথায় ও বুকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ বলেন, সবজাল মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতেই সবজালের ভাই সেলিম মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় দুধ মিয়ার স্ত্রী গোলাপী বেগম ও তাঁর দুই ছেলে ইমাম ও মোশাররফকে গ্রেপ্তার করা হয়েছে।