বিজয়নগরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে টেম্পোস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে গতকাল বুধবার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। ২০টি রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও গ্রামবাসী জানান, নিদারাবাদ গ্রামের টেম্পোস্ট্যান্ডটি দখল করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল একই এলাকার নজরুল ইসলামের পক্ষের লোকজন। গত মঙ্গলবার সন্ধ্যায় নজরুলের পক্ষের স্বপন মিয়া টেম্পোচালক আবদুল জলিলকে মারধর করেন। এর জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে দাঙ্গাবাজেরা দেওয়ানবাজারের পাঁচটি দোকানসহ অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিপেটা করে। পরে পুলিশ ২০টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে মো. আক্কাস আলী (৪০). মো. জনাব আলী (৪৫), মোজাম্মেল হক (৩২), আবদুল জলিল (৩৫) ও রোকসানা বেগমকে (৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।