বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, পত্তন ইউনিয়ন পরিষদের লক্ষ্মীপুর গ্রামের ভূঁইয়া বাড়ির নজরুল ইসলামের বড় ভাইয়ের স্ত্রী মাটির ঘর লেপার জন্য ওই গ্রামের অনেক পুরোনো সিংনা বাজার থেকে এক টুকরি মাটি আনতে যান। এতে পত্তন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান রতনের বড় ভাই নাজুমুদ্দিন ভূঁইয়া বাড়ির নজরুল ইসলামের বড় ভাইয়ের স্ত্রীকে মারধর করেন। এই ঘটনার জের ধরে কামরুজ্জামান রতন এবং জলফু ভূঁইয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষ বাধে এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এই সংঘর্ষে উভয় পক্ষের আহত ব্যক্তিরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে পরে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের গুলি নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহামঞ্চদ নিজামী প্রথম আলোকে জানান, আধিপত্য বিস্তার নিয়েই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি শটগানের গুলি নিক্ষেপ ছাড়াও লাঠিচার্জ করা হয়েছে। তিনি জানান সকাল ১০টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।