বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ওসিসহ পুলিশের চার সদস্য এবং উভয় পক্ষের ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে। সংঘর্ষ চলাকালে ২৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ইছাপুরা ইউনিয়নের তুলাতলা মসজিদের ইমাম হাফেজ আলম খান সম্প্রতি তাঁর একটি মুঠোফোন মেরামতের জন্য ইছাপুরা গ্রামের কাইয়ুমকে দেন। মুঠোফানটি হারিয়ে গেছে বলে কয়েক দিন আগে দাবি করেন কাইয়ুম। এ পরিপ্রেক্ষিতে ওই ইমামের পক্ষে তুলাতলা গ্রামের মোক্তার মিয়া গতকাল আইরল বাজারে কাইয়ুমকে ধরে মারধর করেন। পরে আইরল গ্রামের কয়েকজন কাইয়ুমের পক্ষ নিয়ে মোক্তারকে মারধর করে। এ নিয়ে দুপুর ১২টার দিকে আইরল ও তুলাতলা গ্রামের বেশ কিছু লোকের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া, পেটুয়াজুরী এবং ইছাপুরা ইউনিয়নের ইছাপুর গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষ চলাকালে আইরল গ্রামের লোকজন এই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শহিদ মিয়ার বাড়ি এবং ইছাপুরা গ্রামের সর্দার ফুল মিয়ার বাড়িসহ ২৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।সংঘর্ষে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, এসআই (উপপরিদর্শক) জহিরুল ইসলাম, কনস্টেবল সাইফুর রহমান ও শাহিন এবং উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।আহত ব্যক্তিদের মধ্যে আলফু (৩৫), কালন (৩২), জাহাঙ্গীর (২৫), লিটন (৩০), এলাস মিয়া (৪০), হারুন (৪০) ও রহিছ মিয়াকে (২৫) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন বেসরকারি চিকিত্সাকেন্দ্রে চিকিত্সা নেয়।ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেলে) সঞ্জয় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে ৫০টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের ২৫টি শেল ছোড়া হয়। বিকেলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।