বিজয়নগরে নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় সোনাই নদে নৌকাডুবিতে দুই শিশু মারা গেছে এবং ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হচ্ছে বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে শ্রাবন্তী আক্তার (৬) ও একই গ্রামের ছালেক মিয়ার মেয়ে মুক্তা আক্তার (১৩)।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে বরযাত্রীবাহী একটি নৌকা বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রাম থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুরাদপুরের উদ্দেশে রওনা হয়। নৌকাটি সোনাই নদের বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকার সেতুর কাছে গিয়ে ডুবে যায়। এতে সব যাত্রী সাঁতরে নদের পারে উঠতে পারলেও শ্রাবন্তী ও মুক্তা নিখোঁজ থাকে।
এ দুর্ঘটনার সময় নৌকা থেকে তাড়াতাড়ি নামতে গিয়ে কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুদের লাশ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে। আহত ব্যক্তিদের মধ্যে রহিমা বেগম (৪০) ও রাশেদা পারভীনকে (৩৬) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মাহমুদা (২৫) ও নাইমাকে (১২) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ নৌকা ডুবে দুই শিশুর মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ওই সেতু এলাকায় কোনো পিলার বা রডের সঙ্গে ধাক্কা লেগে নৌকার কোনো অংশ ছিদ্র হয়ে পানি ঢুকে তা ডুবে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।