বিজয়নগরে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের নয় বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের জজ মিয়াকে (৪৫) গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে সিঙ্গারবিল গ্রামের জজ মিয়ার মেয়ের সঙ্গে ওই শিশুটি খেলা করছিল। এ সময় জজ মিয়া তাঁর মেয়েসহ শিশুটিকে বাড়িতে ডেকে নেন। বাড়িতে তাঁর স্ত্রী না থাকায় মেয়েকে ভাত রান্না করতে বলেন। এই সুযোগে তিনি ওই শিশুটিকে গোয়ালঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে বিষয়টি তার নানিকে জানায়। গতকাল সকালে তাকে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়ে দেন।স্থানীয়রা জানান, ঘটনাটি জানাজানি হয়ে গেলে গতকাল দুপুরে গ্রামবাসী জজ মিয়াকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিঙ্গারবিল বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে। একাধিক গ্রামবাসী বলেন, জজ মিয়া এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। কিন্তু প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। জজ মিয়ার এক ছেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তদন্তসাপেক্ষে বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, শিশুটির মা-বাবা প্রথমে ধর্ষণের কথা বললেও পরে ধর্ষণচেষ্টার মামলা করেছেন। তিনি বলেন, আগামীকাল (সোমবার) তার ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনসাপেক্ষে ধর্ষণ মামলা নেওয়া হবে।