বিজয়নগরে পুলিশের গুলিতে আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে গত শনিবার দিবাগত রাতে পুলিশের গুলিতে তিন গ্রামবাসী আহত হয়েছেন।গ্রামবাসী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে সাত-আটজন ব্যক্তি কাশিনগর গ্রামে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ব্যবসায়ী কবির হোসেনের বাড়ির দরজার কড়া নাড়লে বাড়ির লোকজন তাঁদের পরিচয় জানতে চান। তাঁরা নিজেদের পুলিশ বলে পরিচয় দেন। এ সময় কবির বিষয়টি মুঠোফোনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী ওরফে মালু মিয়াসহ আশপাশের লোকজনকে জানান। পরে ইয়াকুব আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাদা পোশাকধারী পুলিশের পরিচয় জানতে চাইলে তাঁরা তাঁকে লাঞ্ছিত করেন। পরে পুলিশ কবির ও তাঁর ভাই শুক্কুর আলীর ঘরে তল্লাশি চালায় ও মালামাল তছনছ করে। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী তাঁদের ঘেরাও করে। একপর্যায়ে লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে। এ সময় পুলিশ আতঙ্কিত হয়ে কয়েকটি গুলি ছোড়ে। গুলিতে রাফিয়া বেগম (৪৪), সানি (১২) ও বাচ্চু মিয়া (৪০) আহত হন।