বিজয়নগরে প্রতিবেশীর দায়ের কোপে বৃদ্ধ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আমজাদ হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। গত রোববার রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নে নজরপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় আবু নাসের (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উপজেলার একই ইউনিয়নের গোয়লনগর গ্রামের মৃত রইছ আলীর ছেলে আমজাদ হোসেনের একটি গরু রোববার সন্ধ্যায় পাশের নজরপুর গ্রামের আবু নাসেরের বাড়িতে ঢুকে পড়ে। এ নিয়ে আমজাদ ও নাসেরের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে নাসেরের হাতে থাকা দা দিয়ে কুপিয়ে আমজাদকে আহত করেন। স্থানীয় লোকজন নাসেরকে আটক করে। আমজাদকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
বিজয়নগর থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, আবু নাসেরকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলা কারগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।