বিজয়নগরে বখাটেদের হামলায় মা-মেয়ে আহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামে গত বুধবার রাতে এক মা ও পঞ্চম শ্রেণী পড়ুয়া তাঁর মেয়েকে পিটিয়ে আহত করেছে বখাটে সন্ত্রাসীরা। গ্রামবাসী ও আহত ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, সেজামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের পথে পঞ্চম শ্রেণীর ছাত্রী ওই মেয়েটিকে উত্ত্যক্ত করত একই গ্রামের বখাটে সোহেল (২০) ও তাঁর সহযোগীরা। বিষয়টি নিয়ে মেয়েটির বাবা অনেকবার সোহেলের পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নালিশ দেয়। কোনো প্রতিকার না পেয়ে একপর্যায়ে মেয়েটির বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয় পরিবার। গত বুধবার রাত আটটার দিকে বখাটে সোহেল কয়েকজন সঙ্গী নিয়ে মেয়েটির বাড়িতে গিয়ে তাঁকে অপহরণের চেষ্টা করে। এ সময় ওই মেয়ে ও তার মা চিৎকার শুরু করলে বখাটেরা তাদের বেধড়ক মারধর করে পালিয়ে যায়। গুরুতর আহত মা ও মেয়েকে রাতেই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ওই মেয়ের বাবা প্রথম আলোকে বলেন, ‘বারবার সোহেলের পরিবারের সদস্যদের কাছে নালিশ জানালেও তারা ছেলেকে নিবৃত্ত করেনি। বাধ্য হয়ে মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তবু ওদের হাত থেকে মেয়েকে রক্ষা করতে পারিনি। তারা বাড়িতে ঢুকে আমার মেয়ে ও স্ত্রীকে পিটিয়ে আহত করেছে।’ বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘সেজামুড়ায় পুলিশ পাঠিয়েছি। বখাটেদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’