বিজয়নগরে বাসে ডাকাতি ছুরিকাঘাতে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গত বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী একটি বাসে ডাকাতি হয়েছে। ডাকাতেরা যাত্রীদের মারধর ও ছুরিকাঘাত করে টাকা, মুঠোফান, স্বর্ণালংকারসহ তিন লাখ টাকার মালামাল লুট করে। এ সময় ডাকাতদের মারধর ও ছুরিকাঘাতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। এ ছাড়া ডাকাতদের ছুরিকাঘাতে ও যাত্রীদের প্রহারে চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হয়েছেন।পুলিশ ও আহত যাত্রীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে হবিগঞ্জ সদরের শায়েস্তাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আট-দশজনের একদল ডাকাত যাত্রীবেশে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালি পরিবহনের একটি বাসে ওঠে। বাসটি ইসলামপুরে এলে ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মারধর শুরু করে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৫ যাত্রী আহত হন। আহত ডাকাতদের মধ্যে সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের মো. আবদুল আওয়াল (২৭) ও আবু তাহেরকে (২৫) সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া আহারুল বেগম, বিলকিছ বেগম, বাচ্চু মিয়া, মেরাজ মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ডাকাতেরা যাত্রীদের মালামাল লুট করে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় নেমে যায়। পরে বাসটি সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছালে উত্তেজিত যাত্রীরা ডাকাতদের সঙ্গে বাসের চালক ও তাঁর সহকারীর যোগসাজশ আছে, এমন অভিযোগে তাঁদের বেদম প্রহার করেন। খবর পেয়ে পুলিশ চালক মো. রমজান আলী (৩৫) ও সহকারী মো. ফজলু মিয়াকে (৩০) উদ্ধার করে বিজয়নগর থানায় নিয়ে যায়। পরে তাঁদের বিজয়নগরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এ ব্যাপারে বাসের যাত্রী বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের বাসিন্দা মো. এমরান উদ্দিন বৃহস্পতিবার রাতে বিজয়নগর থানায় অজ্ঞাতনামা আট-দশজনের বিরুদ্ধে ডাকাতি মামলা করেছেন।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, চালক ও তাঁর সহকারীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তাঁরা ঘটনার সঙ্গে জড়িত নন।