বিজয়নগরে যুবক হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামে আল আমীন (৩০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে ওই গ্রাম থেকে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।নিহত আল আমীনের বড় ভাই আনোয়ার হোসেন বলেন, আল আমীন একই গ্রামের আক্তার হোসেনের সঙ্গে কয়েক বছর ধরে বাঁশের ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি আক্তার হোসেনের সঙ্গে তাঁর ভাইয়ের দ্বন্দ্ব শুরু হয়। ৭ আগস্ট রাতে আক্তার হোসেন আল আমীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। ১২ আগস্ট বিজয়নগর থানায় আনোয়ার হোসেন বাদী হয়ে আক্তার হোসেনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে চর ইসলামপুর গ্রামের গাঙ্গুহাটির কবরস্থান থেকে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় আল আমীনের লাশ উদ্ধার করে। গতকাল সোমবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমান লাশ উদ্ধার এবং মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আল অমীনের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার অন্যতম আসামি একই গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী আওলিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।