মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বলেছেন, আগামী রোববার বিজয়নগরে যেতে বাধা দিলে তিনি চুড়ি পরে বসে থাকবেন না। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার শ্রমকল্যাণ কেন্দ্রে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রোববার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সমালোচনার পাশাপাশি মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সমালোচনা করেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হানিফ মুন্সির সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় পার্টির সাংসদ জিয়াউল হক মৃধা, জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
নেতা-কর্মীরা জানান, জেলা আওয়ামী লীগে ছায়েদুল হকের অনুসারী নেতারাই গতকাল আশুগঞ্জের সুধী সমাবেশে অতিথি ছিলেন। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মোকতাদির চৌধুরী, সম্পাদক আল মামুন সরকারকে রাখা হয়নি।
এদিকে সমাবেশ চলাকালে সন্ধ্যা ছয়টার দিকে আশুগঞ্জ উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আশুগঞ্জ বাজারে সুধী সমাবেশে মন্ত্রীর অংশগ্রহণের প্রতিবাদে কালো পতাকা ও বিক্ষোভ মিছিল বের করেন।