বিজয়নগরে শিক্ষক পেটানো আ.লীগ নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মিরাসানি পলিটেকনিক একাডেমির প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে পেটানো আওয়ামী লীগের সেই নেতা আনোয়ার হোসেনকে অবশেষে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনার ২৩ দিন পর গত রোববার রাতে উপজেলার চান্দুরা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের বাসিন্দা।এলাকাবাসী ও পুলিশ জানায়, ১৪ ফেব্রুয়ারি আনোয়ার উপজেলার মিরাসানি পলিটেকনিক একাডেমির নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ফারুক আহমেদ এবং গণিতের শিক্ষক জয়নাল আবেদীনের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় একাডেমির প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ১৬ ফেব্রুয়ারি বিকেলে আনোয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। এরপর তিনি বাড়ি ফেরার পথে উপজেলার তোলাতলা মাদ্রাসার কাছে পৌঁছালে আনোয়ার ও তাঁর সহযোগীরা তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে বেদম মারপিট করেন।বিজয়নগর থানার ওসি রসুল আহমেদ জানান, শিক্ষক গোলাম মোস্তফাকে মারপিটের মামলায় আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিজয়নগর ও সদর থানায় হত্যা, দাঙ্গা, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ধরনের সাতটি মামলা রয়েছে। এ ছাড়া মাদকের একটি মামলায় তিনি ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।