বিজয়নগরে সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুরে গতকাল শনিবার দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতের নাম লিটন আহমেদ (৩৬)। তাঁর বাড়ি চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে ভিটিদাউদপুরে পূর্বশত্রুতার জের ধরে আশিদ মিয়ার সমর্থক এবং সাবেক ইউপি সদস্য হামিদ মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুই দলই দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় হামিদ মিয়ার পক্ষের লিটন আহমেদ প্রতিপক্ষের টেঁটার আঘাতে ঘটনাস্থলেই মারা যান। তিনি সংঘর্ষের ব্যাপারে খোঁজখবর নিতে এসেছিলেন। হামিদ মিয়া তাঁর সম্পর্কের চাচা হন।পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাহীন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। সহিংসতা এড়াতে এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।