বিজয়নগরে হরতাল প্রতিহত করার ঘোষণা একাংশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর কর্মসূচি ঠেকাতে আজ রোববার হরতাল পালন করার সব ধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। মন্ত্রীও বাধা উপেক্ষা করে অনুষ্ঠানে যাবেন বলে জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে গতকাল শনিবার সরাইলে অনুষ্ঠিত এক সমাবেশে মন্ত্রীর পক্ষের নেতা-কর্মীরা বিজয়নগরের হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ মন্ত্রী ছায়েদুল হকের বিরোধ চলছে। জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক, জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিন, আরেক সহসভাপতি তাজ মো. ইয়াছিন, জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, জেলা যুবলীগের আহ্বায়ক শাহনুর আলম এখন মন্ত্রীর অনুসারী হিসেবে পরিচিত। মন্ত্রী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা।

গত বৃহস্পতিবার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ হরতাল পালনের কর্মসূচির ঘোষণা দেয়। একই সঙ্গে মন্ত্রীকে আজ রোববার উপজেলায় না আসার আহ্বান জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ভূঁইয়া সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সাংসদ মোকতাদির চৌধুরীকে ছাড়া মন্ত্রী একা এলে অনুষ্ঠান বর্জন করা হবে।

একই দিন রাত সাড়ে আটটার দিকে আশুগঞ্জের শ্রমকল্যাণকেন্দ্রের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছায়েদুল হক বলেন, ‘বিজয়নগরে যেতে বাধা দিলে মন্ত্রী চুড়ি পরে বসে থাকবে না।’

জানা গেছে, গত শুক্রবার দুপুরে বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের মন্ত্রীর নামের উদ্বোধনী ফলকটি উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ভেঙে ফেলেন। এ সময় তাঁরা প্রাণিসম্পদ কর্মকর্তা লুৎফুর রহমানকে মারধরসহ কার্যালয় ভাঙচুর করেন।

নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা ও মহিলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা মন্ত্রীর অনুসারী হিসেবে পরিচিত। ওই নেতারা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর হয়ে কাজ করেন। আশুগঞ্জে অনুষ্ঠিত সুধী সমাবেশে ওই নেতাদের অতিথি হিসেবে রাখা হয়। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ করা হয়নি।

বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমি এখনো আশা করি মন্ত্রী জেলা ও উপজেলা আওয়ামী লীগকে সম্পৃক্ত করেই অনুষ্ঠানে যোগ দেবেন।’ তিনি আরও বলেন, ‘জেলার সঙ্গে আলোচনা করে হরতাল কর্মসূচি সফল করার প্রস্তুতি নেওয়া হয়েছে।’

এ বিষয়ে গতকাল দুপুরে একাধিকবার চেষ্টা করেও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বলেন, ‘জেলা আওয়ামী লীগ ওনার (মন্ত্রীর) অনুষ্ঠান সম্পর্কে কোনো কিছু জানে না। তিনি জেলা আওয়ামী লীগ ও স্থানীয় সাংসদকে বাইপাস করে কাজ করছেন।’

গতকাল বিকেলে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশে জেলা আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা বলেন, বিজয়নগরে হরতাল ডেকেছে উপজেলা আওয়ামী লীগ। যেকোনো মূল্যে ওই হরতাল প্রতিহত করা হবে।

স্থানীয় সাংসদ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিয়াউল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছায়েদুল হক। এতে জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 বেলা ১১টা থেকে শুরু হওয়া সমাবেশ চলে বিকেল ৪টা পর্যন্ত। সমাবেশে বক্তারা জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল মামুন সরকারের কঠোর সমালোচনা করেন।