বিজয়নগরে ৫১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাল সোমবার প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। তবে এ উপজেলার ৫১টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন কার্যালয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১০টি ইউনিয়নের ৫৮টি কেন্দ্রে ভোট হবে। এর মধ্যে ৫১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ উপজেলায় এক লাখ ৪৭ হাজার ৯০২ জন ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে নারী ভোটার ৭৪ হাজার ৬৫০ ও পুরুষ ৭৩ হাজার ২৫২ জন।
নির্বাচনে ৫৮ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪০৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৯১২ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
এ উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷