বিজয়নগরের শিক্ষক পেটানো সেই আ.লীগ নেতা বহিষ্কার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মিরাসানি পলিটেকনিক একাডেমির প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে পেটানো আওয়ামী লীগের সেই নেতাকে গতকাল বুধবার বহিষ্কার করা হয়েছে। ওই প্রধান শিক্ষককে পিটিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, মাদক ব্যবসাসহ সামাজিক অপরাধের দায়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয় দলটি। দলীয় সূত্র জানায়, গতকাল বিকেলে চম্পকনগরে স্থানীয় সাংসদের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় আনোয়ারকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর ভূঁইয়া প্রমুখ।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, আনোয়ার মাদকের একটি মামলায় ছয় মাসের সাজা পাওয়া পলাতক আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিজয়নগর এবং সদর থানায় হত্যা, দাঙ্গা, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলাসহ ছয়টি মামলা রয়েছে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া মুঠোফোনে আনোয়ারের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৬ ফেব্রুয়ারি মিরাসানি পলিটেকনিক একাডেমিতে দুই শিক্ষকের কাছে চাঁদা দাবি করেন আনোয়ার হোসেন। এ ঘটনার প্রতিবাদ করায় তিনি প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে পেটান। এর প্রতিবাদে ১৭ ফেব্রুয়ারি এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল-সমাবেশ করে।