বিজয়া দশমীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিজয়া দশমীতে আজ শনিবার বিকেলে পটুয়াখালীর লোহালিয়া ও লাউকাঠি নদ-নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ হয়েছে। পৌর কাউন্সিলরদের আয়োজনে পটুয়াখালীর পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ঐতিহ্যবাহী এই ‘মেয়র নৌকাবাইচ’ উদ্বোধন করেন।

সরেজমিনে দেখা যায়, নৌকাবাইচকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছিল এসব বাইচের নৌকাগুলো। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে বড় আকারের ছয়টি বাইচের নৌকা শহরের ছয়টি পূজামণ্ডপের হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।

এর মধ্যে গোপালগঞ্জের কোটালিপাড়ার লখোন্দা গ্রাম, বাগেরহাট, তেঁতুলবাড়িগ্রাম, ভাঙ্গা, মাদারীপুরের রাজৈর উপজেলার চৌরিবাড়ি গ্রাম থেকে এসেছে নৌকাগুলো।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, শনিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই দুপুরের পর থেকেই লোহালিয়া ও লাউকাঠি নদের দুই পাড়ে হাজার হাজার মানুষ ভিড় করতে থাকে। বিকেল সাড়ে চারটায় লোহালিয়া নদীর বাঁধঘাট এলাকা থেকে নৌকাবাইচ শুরু হয় এবং শেষ হয় লাউকাঠি নদের সেতু এলাকায়।

পৌর মেয়র মো. শফিকুল ইসলাম বলেন, দেশীয় সংস্কৃতি ও গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতেই ঐতিহ্যবাহী এ নৌকাবাইচের আয়োজন।