বিজয়ী আশরাফুল ও মেহজাবীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিযোগিতাভিত্তিক আয়োজন টেলিনর যুব সম্মেলনে এ বছরের বিজয়ী বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আশরাফুল হক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নওশীন মেহজাবীন চৌধুরী।
তথ্যপ্রযুক্তির মাধ্যমে সমাজ পরিবর্তন ও সুযোগ সৃষ্টির জন্য তরুণদের উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। রাজধানীর একটি হোটেল গতকাল শুক্রবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। এ সময় গ্রামীণফোনের সিইও বিবেক সুদ ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মোহাম্মদ শাহেদ, চিফ স্ট্র্যাটেজি অফিসার এরল্যান্ড প্রেস্টগার্ড উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার দুই বিজয়ী আগামী ডিসেম্বরে নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণেরও সুযোগ পাবেন। এ ছাড়া সেখানে এক অনুষ্ঠানে নিজেদের উদ্ভাবন বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ পাবেন।
আশরাফুলের ডিজিটাল মাদুলির ধারণা শিশুদের পানিতে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে কাজ করবে। তাঁর অ্যাপটির মাধ্যমে ডুবে যাওয়া শিশুর অবস্থান নির্ণয় করতে সহায়তা করবে উদ্ধারকর্মীদের। আশরাফুল বলেন, ‘আমার পরিকল্পনাটি চূড়ান্ত হয়েছে। এখন সামনে এগিয়ে নেওয়ার পালা।’
নারীর বিরুদ্ধে ঘরে-বাইরে সহিংসতা প্রতিরোধে কাজ করবে নওশীন মেহজাবীন চৌধুরীর অ্যাপ ‘ফার্স্ট লেডি’। তিনি বলেন, ধারণাটি বাস্তবায়নের জন্য কাজ করে যাবেন।
২০১৪ সালের আগস্ট মাসে এ প্রতিযোগিতা শুরু হয়। নানা ধাপ পেরিয়ে চার প্রতিযোগী গতকাল চূড়ান্ত পর্বে অংশ নেন। পৃথিবীর যেসব দেশে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনরের কার্যক্রম চলে, বাংলাদেশসহ এমন ১৩টি দেশ থেকে ২৬ জন বিজয়ী অসলোর আয়োজনে নিজেদের ধারণা তুলে ধরবেন।
গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী সাফা তাসনিম ও সামি তাহসিন অসলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।