নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ভাঙচুর করা হয়েছে পরাজিত মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলীর নির্বাচনী কার্যালয় ও তিনটি দোকান।গতকাল রোববার সন্ধ্যা সাতটায় উপজেলার কৃষ্ণপুরা এলাকার ওই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। খবর পেয়ে পুলিশ গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, গত শনিবারের নির্বাচনে মেয়র পদে জয়ী হন হাবিবুর রহমান। তিনি সমর্থকদের নিয়ে গতকাল বিকেলে আড়াইহাজার পৌরসভায় বিজয় মিছিল বের করেন। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণপুরা এলাকায় এলে হাবিবুরের সমর্থকেরা সুন্দর আলীর নির্বাচনী কার্যালয় ও পাশের তিনটি দোকান ভাঙচুর করে। খবর পেয়ে সুন্দর আলীর সমর্থকেরা ঘটনাস্থলে ছুটে আসে। দুই পক্ষই লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়।সুন্দর আলী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, হাবিবুর রহমানের লোকজন তাঁর নির্বাচনী কার্যালয় ও বিপণিবিতানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। তাঁর লোকজনকে মারধর করেছে। এসব ঘটনায় তাঁর ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।সম্প্রতি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ও মেয়র পদে বিজয়ী হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, সুন্দর আলীর লোকজন বিজয় মিছিল চলাকালে তাঁর সমর্থকদের উদ্দেশে উসকানিমূলক কথা বললে সংঘর্ষ বেধে যায়।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।নবগঠিত আড়াইহাজার পৌরসভা নির্বাচনে গত শনিবার ভোট হয়। সাবেক আড়াইহাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান পাঁচ হাজার ১৯৭ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত সুন্দর আলী পান চার হাজার ৩৭৪ ভোট।