বিজয়ী ও বিজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ১৪৪ ধারা জারি
বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাঠানপাড়া গ্রামে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরের দিকে থানা থেকে পুলিশ গিয়ে রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বগুড়া থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে উত্তেজনাকর পরিস্থিতিতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় শনিবার বেলা দুইটা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান ১৪৪ ধারা জারি করার পর তা মাইকিং করে এলাকায় জানানো হয়।
ইউএনও বলেন, ইউপি নির্বাচনে বিজয়ী ও পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বিলের জমির ধান কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার সকাল ১০টা পর্যন্ত পাঠানপাড়া ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পাঠানপাড়া গ্রামের দুজন প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, সোনাতলা উপজেলার পারবাইশা সরকারি বিলের জমির দখল নিয়ে দিগদাইর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে বিজয়ী আবদুস সামাদ ও একই ওয়ার্ডে পরাজিত প্রার্থী সেলিম হোসেনের নেতৃত্বে ব্যাপারী ও মিয়া পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সম্প্রতি বিলের জমিতে বোরো ধানের চারা রোপণ করে সেলিম হোসেনের লোকজন। কিন্তু গত বৃহস্পতিবারের ইউপি নির্বাচনে বিজয়ী হওয়ার পর গতকাল শনিবার লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আবদুস সামাদের নেতৃত্বে তাঁর সমর্থকেরা বিলের জমিতে লাগানো ধান কাটতে যান। এতে পরাজিত প্রার্থী সেলিম হোসেনের সমর্থকেরা বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বসতবাড়িতে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে সোনাতলা থানার পুলিশ গিয়ে উভয় পক্ষকে নিবৃত্ত করতে ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব না হলে বেলা দুইটার দিকে বগুড়া থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাব্বির আহমেদ সরফরাজ বলেন, সংঘর্ষ থামাতে পুলিশ ২৫টি রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।